ই ন্দো নে শি য়া র রূ প ক থা
প্রবাল প্রাসাদের গোপন কৌতূহল
Printed Edition
ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
প্রথম অধ্যায়
প্রশান্ত মহাসাগরের অতল তলে আবীরমাখা শৈবাল প্রাচীর। প্রাচীরের ভেতরে অপূর্ব নির্মাণশৈলীর এক অট্টালিকা। মহা-পরাক্রমশীল জলরাজ ‘লাউতান সিংহের’ প্রাসাদ এটি। সুরম্য নীল প্রবালের গাথুনিতে নির্মিত এই প্রাসাদে হাজারো দাস-দাসী, উজির-নাজির, সৈন্য-সামন্ত, জলকন্যা ও জলপরীদের নিয়ে বাস করেন জলরাজ লাউতান সিংহ। তার কথায় চলে মহাসাগরের তলদেশ। তার অঙ্গুলি হেলানে জলচর প্রাণীদের কারো সাজা হয়, কারো বা হয় মৃত্যুদণ্ড।
সাগরের গহিন তলদেশে প্রবাল প্রাসাদের চারিদিকে দিনের বেলায়ও সূর্যের আলো ঝিকমিক ঝিকমিক করে। আর রাতের বেলা চাঁদের আলো স্ফটিকের মতো নীলাভ রঙ ছড়ায়। এই নীল প্রাসাদের অধিপতি লাউতান সিংহের হুংকারে সমুদ্র অশান্ত হয়, বুকে তার ঢেউ ওঠে। জলের কোলে ঘূর্ণিপাক খেলা করে। (চলবে)