ফিলিপাইনে ৪ দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্প
Printed Edition
এএফপি
ফিলিপাইনের বিস্তীর্ণ জনপদ শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল দাভাও অক্সিডেন্টালে এই ভূকম্পন অনুভূত হয়। যদিও শক্তিশালী এই কম্পনের ফলে বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা বা সুনামির সতর্কতা জারি করা হয়নি।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে এই প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে। সরকারি এই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ সংস্থার তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে।
ফিভোলস আরো জানায়, কম্পনটির কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় সারাঙ্গানি পৌরসভার অন্তর্গত বালুত দ্বীপ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সাগরের তলদেশে শক্তিশালী কম্পন সৃষ্টি হলেও উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য সুনামির কোনো হুমকি নেই বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিঙ অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়শই এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। ভৌগোলিক এই অবস্থানের কারণেই সেখানে নিয়মিত ছোট বা মাঝারি আকারের ভূমিকম্প হয়। এর আগে মাত্র চার দিন আগে, গত ৭ জানুয়ারি দেশটিতে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।
দেশটির দুর্যোগ মোকাবেলা দফতর জানিয়েছে, এবারের ভূমিকম্পে কিয়াম্বা দ্বীপ, মালুঙ্গাওন এবং মিন্দানাও এলাকায় বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মানুষের মৃত্যুর খবর বা বড় কোনো আহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।