পররাষ্ট্রমন্ত্রী আজ সৌদি আরব যাচ্ছেন

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির জরুরি সভায় যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ সৌদি আরব যাচ্ছেন। জেদ্দায় অবস্থিত ওআইসির সচিবালয়ে অনুষ্ঠেয় সভায় আরো যোগ দেবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ওআইসি সভার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন পক্ষের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার এটিই প্রথম বিদেশ সফর। ওআইসির নির্বাহী কমিটির জরুরি সভায় ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন, সংযুক্তিকরণ এবং ইসরাইলি সার্বভৌমত্ব চাপিয়ে দেয়ার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।

এ দিকে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি গতকাল পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ ও ইউএইর মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানান। তিনি ‘বাংলাদেশ প্রথম’ নীতির অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

উভয় পক্ষের আলোচনায় বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সইয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে সহযোগিতা জোরদার করার ওপর আলোকপাত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১২ লাখ বাংলাদেশী প্রবাসীদের আতিথেয়তা দেয়ার জন্য ইউএইর প্রশংসা করেন। তিনি বাংলাদেশীদের জন্য শ্রম ভিসা আবারো চালু করা এবং ব্যবসা ও ট্রানজিট ভিসা সহজতর করার অনুরোধ জানান। উভয়ে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করার এবং পারস্পরিক সুবিধার জন্য জনগণের সাথে জনগণের সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এর আগে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেয়ার জন্য বিদ্যমান দ্বিপক্ষীয় প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠকের ওপর জোর দেন।