নেপালে রাজতন্ত্র ফেরাতে একীভূত হচ্ছে ২ দল
Printed Edition
কাঠমান্ডু পোস্ট
নেপালে রাজতন্ত্র ফেরাতে একীভূত হচ্ছে দুই রাজনৈতিক দল রাজেন্দ্র লিংদেনের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) এবং কমল থাপার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নেপাল (আরপিপি নেপাল)। উভয় দলের অভিন্ন রাজনৈতিক এজেন্ডা হলো নেপালকে আবার হিন্দু রাষ্ট্র ঘোষণা এবং রাজতন্ত্র পুনর্বহাল করা।
২০০৬ সালের দ্বিতীয় গণআন্দোলনের পর নেপালে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের মর্যাদা বাতিল হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে রাজতন্ত্রপন্থি শক্তিগুলো আবার সংগঠিত হওয়ার জোর চেষ্টা করছে। চার বছর আগে দলের সাধারণ সম্মেলনে রাজেন্দ্র লিংদেনের প্যানেল চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদে জয়ী হওয়ার পর কমল থাপা আরপিপি থেকে বেরিয়ে যান। সে সময় তিনি সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের বিরুদ্ধে দলীয় সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগও তুলেছিলেন। পরে তিনি আলাদা দল হিসেবে আরপিপি–নেপাল গঠন করেন।
নেপালে আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিনিধি পরিষদ নির্বাচন। তার আগে এই দুই দলের একীভূত হওয়ার উদ্যোগ নতুন করে গতি পেয়েছে। সেপ্টেম্বরের জেন জি অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতা এবং অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে জোট ও একীভবনের প্রবণতাও রাজতন্ত্রপন্থী দলগুলোকে কাছাকাছি আনতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
এর আগে, গত ২৮ মার্চ কাঠমান্ডুর তিনকুনেতে আয়োজিত এক রাজতন্ত্রপন্থী সমাবেশে দুই দল একসাথে অংশ নেয়। পরে ২৮ মে থেকে আরপিপির নেতৃত্বে কাঠমাণ্ডুুকেন্দ্রিক রাজতন্ত্র আন্দোলনেও থাপার নেতৃত্বাধীন দল অংশগ্রহণ করে। মঙ্গলবার কাঠমাণ্ডুতে দল সংযুক্ত জেন জি ফ্রন্টের এক জেলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আরপিপি-নেপালের চেয়ারম্যান কমল থাপা সম্ভাব্য একীভবনের ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক দিনের মধ্যেই সুখবর শুনতে পারবেন। সমমনা শক্তিগুলোর এক হওয়া এখন সময়ের দাবি।’