চট্টগ্রামে স্ত্রীর মামলায় সার্জেন্টের কারাদণ্ড
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের কোতোয়ালি থানার একটি মামলায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো: নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো: নাজিম উদ্দিন (৫০) পটিয়া থানার তেকাটা গ্রামের মৃত খায়ের আহম্মেদের ছেলে।
ট্রাইব্যুনালের পিপি আলমগীর মোহাম্মদ ইউনুছ বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল আপিলের শর্তে আসামিকে জামিন দিয়েছেন।