গাজায় ইসরাইলের মতো বাংলাদেশকে সবক দিতে চায় শুভেন্দু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইসরাইলের উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকির পর ভারতের বিজেপি নেতা শুভেন্দুকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশকে সবক শেখাতে গাজায় ইসরাইলের আক্রমণের উদাহরণ দিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিজেপি নেতারা নিয়মিত হঠকারী মন্তব্য করছেন, তার সর্বশেষ নজির শুভেন্দুর বক্তব্য।

তিন দিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, প্রতিবেশী দেশের সঙ্কটের স্থায়ী সমাধান কেবল ‘অস্ত্রোপচারের’ (সার্জিক্যাল অ্যাটাক) মাধ্যমেই সম্ভব। এ ধরনের সার্জিক্যাল অ্যাটাক ভারত তার চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানে চালিয়ে হাতেনাতে ফলও পেয়েছে। তবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্লজ্জভাবে গাজায় ইসরাইলের অমানবিক হত্যাকাণ্ডকে টেনে এনেছেন বাংলাদেশ প্রসঙ্গে।

শনিবার শুভেন্দু বলেন, ইসরাইল গাজাকে যা শিখিয়েছে তার মতোই বাংলাদেশকেও শিক্ষা দেয়া উচিত। প্রতিবেশী দেশে হিন্দু হত্যার প্রতিবাদে শুভেন্দু দলীয় নেতা এবং সাধুসন্তদের নিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপিও দিয়ে এসেছেন। বিজেপি নেতা হুমকির সুরে বলেন, ‘সবক শিখানা চাহিয়ে। জ্যায়সে ইসরাইল শিখায়া গাজা মে। উস তারে সে।’ ভারত ১০০ কোটি হিন্দুর দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘হিন্দু হিত মে চল রাহা হ্যায় সরকার। সবক শিখানা চাহিয়ে। যাইসে অপারেশন সিন্দুর মে পাকিস্তান কো হাম লোগোনে শিখায়া।’

বিজেপি নেতার এই হঠকারী মন্তব্যের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেস সামাজিক গণমাধ্যমে লিখেছে, ‘বিজেপি ঘৃণা এবং অসহিষ্ণুতাকে একটি শিল্পের আকারে নিখুঁত করেছে। তাদের বিষাক্ত মুখ শুভেন্দু অধিকারী তার ফ্যাসিবাদী মনোভাবকে তুলে ধরেছেন।

গণহত্যার মতো ইস্যুকে উসকে দিয়ে তিনি বলেছেন, ‘ভারতকে অবশ্যই মুসলমানদের একটি পাঠ শেখাতে হবে যেমন ইসরাইল গাজায় শিখিয়েছিল।’ তৃণমূল কংগ্রেস শুভেন্দুর মন্তব্যকে ‘নগ্ন ঘৃণামূলক বক্তব্য, গণহত্যা ও শুদ্ধিকরণের রক্তপিপাসু আহ্বান’ বলে অভিহিত করেছে। কোনো এফআইআর নেই, কোনো গ্রেফতার নেই। কোনো মামলা নেই। এই ঘোষিত হিটলারের ওপর কোনো ইউএপিএ চাপানো হয়নি।’ কংগ্রেস নেতা কপিল সিব্বলও বলেছেন, শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্য ‘কোনো এফআইআর হয়নি, কোনো গ্রেফতার হয়নি, কোনো মামলা হয়নি, কোনো ইউএপিএ হয়নি’।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য এবং রাজ্যসভায় দলের উপনেতা সাগরিকা ঘোষ পোস্ট করে বলেছেন, ‘‘বিজেপির বাংলার ‘মুখ’ বাংলাদেশের বিরুদ্ধে গাজার মতো অভিযান চায়। সে বলে নরেন্দ্র মোদি সরকার কেবল ‘হিন্দুদের’ জন্য। তবে বাংলায় বিভাজন ও শাসনের নোংরা রাজনীতি কাজ করবে না।’’