‘ভারতের বিপক্ষে জয়ই হবে আত্মবিশ্বাস’
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে আজ থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত গিয়েছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপটি হবে মূলত বিশ্বকাপের প্রস্তুতি। আট দলের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। আগামীকাল দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আজিজুল হাকিম তামিমের দল।
বাংলাদেশ দলের কোচ নাভিদ নাওয়াজ দেশে থাকতেই টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্নের কথা বলে গিয়েছেন। গতকাল সংবাদ সম্মেলনেও দেখালেন একই স্বপ্ন। সাথে ভারতীয় ক্রিকেটের প্রশংসাও করেছেন। ভারতের বিপক্ষে এশিয়া কাপে একটা জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন তিনি। যদিও গ্রুপ পর্ব পেরোলেই দেখা হবে ভারতের সাথে। নাওয়াজের কথায়, ‘গত এশিয়া কাপে আমি বৈভব সুর্যবংশী ও আয়ুষ মহাত্রেকে দেখেছি। পরে আইপিএলেও তারা উজ্জ্বল পারফরম্যান্স করেছে। ভারতের ক্ষেত্রে এ ধরনের প্রতিভা উঠে আসা এখন স্বাভাবিক ব্যাপার। তাদের সিস্টেম অবিশ্বাস্য সব ক্রিকেটার তৈরি করে চলছে।’
তিনি যোগ করেন, আমরা যদি ভারতের সাথে সমানে সমান লড়াই করতে পারি কিংবা হারাতে পারি, তাহলে বিশ্বাস করি আরো একটি বয়সভিত্তিক বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা রাখি এবং বিশ্বমঞ্চে শক্ত অবস্থান দেখাতে প্রস্তুত। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে নাভিদ নাওয়াজ বলেন, বাংলাদেশের মতো দেশের জন্য এটি বিশাল অর্জন ছিল। কারণ এর আগে তাদের কোনো আইসিসি শিরোপা ছিল না।