তাহসানের দ্বিতীয় সংসারও ভাঙছে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দেশের খ্যাতিমান গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসারও ভাঙছে। দ্রুতই আনুষ্ঠানিক বিচ্ছেদে যাবেন তারা। বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানান, স্ত্রী রূপ বিশেষজ্ঞ রোজা আহমেদের সাথে কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তিনি।
গেল বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন এই জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। রোজা আহমেদের সাথে নতুন জীবনের সূচনা করেছিলেন। তবে বিয়ের এক বছরের মাথায় সেই সংসার ভাঙনের মুখে। জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়।
তাহসান খান সাংবাদিকদের বলেন, সত্যি বলতে ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাইনি জনসম্মুখে।
তবে বিয়েবার্ষিকী নিয়ে গুজব ছড়িয়েছে কিছু। তার কারণে বলতে হচ্ছে আমরা একসাথে থাকছি না। বিস্তারিত হয়তো পরে জানাবো।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।