আবার মুখোমুখি হচ্ছে রিয়াল-ম্যানসিটি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ২০২৫-২৬ মওসুমের শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের নিয়ঁন শহরে। এবারের ড্রয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে লড়াইয়ে মুখামুখি হচ্ছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও স্পেনের রিয়াল মাদ্রিদ। অন্য দিকে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই খেলবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে।
টানা চতুর্থ মওসুমে নকআউট পর্বে সিটি ও রিয়ালের দেখা হচ্ছে। গত মওসুমে শেষ ষোলোতে সিটিকে বিদায় করেছিল রিয়াল। এর আগে ২০২৪ সালের কোয়ার্টার ফাইনাল ও ২০২২ সালের সেমিফাইনালেও রিয়ালই জয়ী হয়েছিল। তবে ২০২৩ সালের সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে সিটি। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ হয়েছে উভয় দল জিতেছে পাঁচটি করে, বাকি ম্যাচগুলো ড্র। চলতি মওসুমের লিগ পর্বেও তারা মুখোমুখি হয়েছিল, যেখানে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয় পায় সিটি।
ড্রয়ের আরেকটি বড় ম্যাচে পিএসজি মুখোমুখি হবে চেলসির। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল পিএসজি। তাই এবারের লড়াইয়ে প্রতিশোধের বাড়তি প্রেরণা থাকবে ফরাসি চ্যাম্পিয়নদের। অতীতে চ্যাম্পিয়নস লিগেও দুই দলের বেশ কয়েকবার দেখা হয়েছে। ২০১৪ সালের কোয়ার্টার ফাইনালে জিতেছিল চেলসি, আর ২০১৫ ও ২০১৬ সালের শেষ ষোলো থেকে চেলসিকে বিদায় করেছিল পিএসজি।
অন্যান্য ম্যাচগুলোতেও রয়েছে উত্তেজনা। বার্সেলোনা খেলবে ইংল্যান্ডের নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। ইংলিশ জায়ান্ট আর্সেনাল লড়বে জার্মান চ্যাম্পিয়ন লেবারকুজেনের সাথে।
ইংলিশ ক্লাব লিভারপুল আবারো খেলবে তুরস্কের গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। লিগ পর্বে ইস্তাম্বুলে ১-০ গোলে জিতেছিল গ্যালাতাসারাই। ইতালির প্রতিনিধি আটালান্টা কঠিন পরীক্ষায় পড়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ইউরোপের নতুন চমক নরওয়ের চমকপ্রদ দল বোদো/গ্লিমিট লড়বে পর্তুগালের স্পোর্টিংয়ের বিরুদ্ধে। দুই লেগ মিলিয়ে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০-১১ মার্চ এবং ফিরতি লেগ ১৭-১৮ মার্চ। লিগ পর্বে শীর্ষ আটে থাকা দলগুলো দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলার সুবিধা পাবে।
ড্রয়ের মাধ্যমে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পথও নির্ধারিত হয়েছে। সিটি বা রিয়াল মাদ্রিদের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও আটালান্টার ম্যাচের বিজয়ীর। অন্য দিকে পিএসজি বা চেলসির প্রতিপক্ষ হবে লিভারপুল কিংবা গালাতাসারাইয়ের মধ্যকার জয়ী দল।
সবমিলিয়ে এবারের শেষ ষোলো পর্বে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মহারণ ফুটবলপ্রেমীদের জন্য উপহার দেবে একাধিক হাইভোল্টেজ ম্যাচ, যেখানে অতীতের প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধের গল্প যোগ করবে বাড়তি নাটকীয়তা।
বার্সেলোনা-নিউক্যাসল
চেলসি-পিএসজি
লিভারপুল-গ্যালাতাসারাই
অ্যাথলেটিকো মাদ্রিদ- টটেনহ্যাম হটস্পার
ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
স্পোর্টিং সিপি-বোদো/গ্লিমিট
বায়ার্ন মিউনিখ-আটালান্টা
আর্সেনাল-লেবারকুজেন