আসিয়ান সম্মেলনে চীন, মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের সাথে খলিলুর রহমানের বৈঠক
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও কানেক্টিভিটিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিস্তৃত পরিসর এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে, দেশের বৈদেশিক নীতি পরিচালনায় মূল নির্দেশক হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতি।
প্রধান বৈঠকগুলোর সারসংক্ষেপ
চীন (ওয়াং ই): চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথে বৈঠকে দুই দেশ যৌথভাবে ‘চীন-বাংলাদেশ ভাগাভাগির ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তুলতে ব্যাপকভিত্তিক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নেয়ার অঙ্গীকার করে। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়।
যুক্তরাষ্ট্র (মার্কো রুবিও) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
রাশিয়া (সের্গেই লাভরভ) : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে বৈঠকে মূলত জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করে। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম মেয়াদে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান লাভরভ।
উল্লেখ্য, ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন’ (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।