কালীগঞ্জে আবাদি জমির মাটি নিয়ে যাচ্ছে ইটভাটায়
Printed Edition
কালীগঞ্জে (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর মাঠে অবাধে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। দিনের বেলায় প্রকাশ্যেই ভেকু দিয়ে ধানিজমির প্রায় দুই হাত গভীর মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। প্রতি ১০ মিনিট পরপর একটি ট্রাক ভরে মাটি নেয়া হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গত শনিবার সরেজমিন দেখা যায়, টপ সয়েল কেটে জমি সমতল করার নামে ব্যাপকহারে মাটি উত্তোলন চলছে। কার নির্দেশে এই কাজ হচ্ছে জানতে চাইলে শ্রমিকরা পরিচয় গোপন রাখার অনুরোধ করেন। কেউ কেউ দাবি করেন, ডিসির অনুমোদন আছে, তবে তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি।
এক শ্রমিক আবার মাটি কেনাবেচার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি আবাদ উপযোগী করতেই মাটি কাটা হচ্ছে। তবে ট্রাকচালক শাহাবুদ্দিন জানান, এসব মাটি শহিদুল মিয়ার ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, জমির ওপরের অংশ বা টপ সয়েল কাটা হলে জমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট হয়। কালীগঞ্জ উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি বলেন, ‘টপ সয়েল নষ্ট হলে জমির জৈব শক্তি কমে যায়, দস্তা-জিপসামের মতো প্রয়োজনীয় উপাদান ক্ষতিগ্রস্ত হয়, অনুজীবের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এতে দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা কমে এসে খাদ্য ঘাটতির ঝুঁকি তৈরি হয়।’
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ‘আবাদি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেয়া হবে।’ এলাকার সচেতন মহলের অভিযোগ, নজরদারি না থাকায় মাটি দস্যুদের দৌরাত্ম্য বাড়ছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে আবাদি জমি ধ্বংসের মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।