করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষ নিহত ৯
Printed Edition
আলজাজিরা
পাকিস্তানের করাচিতে মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহতের ঘটনায় রোববার সকালে করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীরা জড়ো হন। তারা কনস্যুলেটটিতে ঢুকে পড়ারও চেষ্টা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে বিক্ষোভকারীদের একটি দলকে কনস্যুলেট ভবনের জানালা ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। ওই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাসও ছুড়তে হয়েছে ।
বিক্ষোভকারীদের মৃত্যু কিভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ প্রথমে ছয়টি লাশ সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন।