শিরোপা রেসে আরো পিছিয়ে পড়ল রিয়াল
Printed Edition
ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় গত সপ্তাহে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মিশনে লিগে গত পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফের মুখোমুখি হয় লস ব্লাঙ্কোসরা। কিন্তু এবারো একই পরিণতি। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে ফিনিশিংয়ে ভুগল দলটি। ৭৮ শতাংশ বল পজিশনে রেখেও জালের দেখা পেলে না লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। তাদের মাঠে ১-০ গোলের স্মরণীয় এক জয়ে উল্লাসে মাতল গেতাফে। একমাত্র গোলটি করেন মার্টিন সাত্রিয়ানো। ২০০৮ সালের ফেব্রুয়ারির পর বার্নাব্যুয়ে রিয়ালকে হারাল গেতাফে। আর টানা দ্বিতীয় হারে শিরোপা রেসে বার্সেলোনার সাথে ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার সাথে ব্যবধান কমানোর সুযোগও হারানো রিয়ালের এ নিয়ে চলতি আসরে চতুর্থ হার। এতে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৫১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে তৃতীয় অ্যাথলেটিকো মাদ্রিদ আর চতুর্থ স্থানে আছে ভিলারিয়াল।
বার্নাব্যুতে ম্যাচের শুরুটা দারুণ হতে পারত রিয়ালের। বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরা ম্যাচের ১৩ মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে পাওয়া বল ধরে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস জুনিয়র। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট পা দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ডেভিড সোরিয়া। ২৪ মিনিটে গেতাফের গোলরক্ষকের কারণে আবার হতাশা সঙ্গী হয় রিয়ালের। আর্দা গুলেরের কাছ থেকে নেয়া জোরালো শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান সোরিয়া।
বল দখল ও গোলের জন্য আক্রমণে অনেক এগিয়ে থাকলেও স্রোতের বিপরীতে গোল হজম করে বসে রিয়াল। ৩৯ মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটেই স্বাগতিকদের স্তব্ধ করে দেন সাত্রিয়ানো। ম্যাচের ৫০ মিনিটে আরেকটি সুযোগ তৈরি করেছিল গেতাফে। মাউরো আরামবারির শট ফিরিয়ে এবার রক্ষা করেন থিবো কর্তোয়া। ৭৫ মিনিটে দারুণ সুযোগ হারান হাউসেন। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর কর্নারে রুডিগারের হেডে দূরের পোস্টে বলে মাথা ছোঁয়াতে পারেননি তিনি। ৭৯ মিনিটে রদ্রিগোর হেড আটকে দেন গোলরক্ষক। ফিরতি বলে দূরের পোস্টে শট নিতে পারেননি কার্ভাহাল। বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও জালের দেখা পায়নি আর কোনো দল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রেফারিকে কিছু একটা বলে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো। একটু পর লাল কার্ড দেখেন গেতাফের আদ্রিয়ান লিসো। রিয়ালের বিপক্ষে স্মরণীয় জয়ে ২৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে অবস্থান গেতাফের।