নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা নাগিব হোসেন
Printed Edition
নড়াইল প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে (কালিয়া ও নড়াইল সদর উপজেলার একাংশ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন-বিএনপি নেতা অধ্যাপক বি এম নাগিব হোসেন। বিজয় দিবসের এক অনুষ্ঠান শেষে মঙ্গলবার দুপুরে ছোট কালিয়া এলাকায় দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এ কথা জানান তিনি। একই সাথে তার জীবনের ঝুঁকি নিয়ে শঙ্কার কথাও জানান গণমাধ্যমকর্মীদের।
জিয়া পরিষদ নড়াইল জেলা কমিটির সদস্য জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেন বলেন, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। আমার জনপ্রিয়তা এবং তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনের কারণে কালিয়ার একটি পরিবারের দ্বারা যেকোনো সময় আমি মারা যেতে পারি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তৃণমূলের নেতারা আমাকে সমর্থন দেয়ায় আমি ওই পরিবারের বিরাগভাজন হয়েছি। ওই পরিবারের সদস্যরা এবং তাদের কয়েকজন অনুসারী আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি দিচ্ছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বিষয়টি জানিয়েছি। যদি আমি মারা যাই, তাহলে আপনারা সংবাদ প্রচার করবেন।
তিনি আরো বলেন, আমি এখনো দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী। খুলনা বিভাগীয় সাংগঠনিক অভিভাবক অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় হাইকমান্ড নড়াইল-১ আসনটি পুনর্বিবেচনা করে আমাকে চূড়ান্ত মনোনয়ন দিবেন। কারণ, তৃণমূল নেতারা সবাই আমার সাথে আছেন। আমার প্রয়াত ভাই প্রয়াত বি এম বাকির হোসেনের দলে অনেক অবদান রয়েছে। আওয়ামী লীগ আমলে কারাগারে নির্যাতন করে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমি ধানের শীষ প্রতীক পাওয়ার উত্তরাধিকারী। এ সময় উপস্থিত ছিলেন- কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, পৌর সহসভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম প্রমুখ।