কুয়েটে ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট পুরস্কার বিতরণ

Printed Edition

বাসস

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দাফতরিক সব সেবা ডিজিটালাইজেশন, অটোমেশন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রাপ্ত বিভিন্ন উদ্ভাবনী ধারণা নিয়ে ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও ওয়ার্কশপ’ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. এ বি এম আওলাদ হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্র্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয় এবং নির্বাচিত সেরা উদ্ভাবনী ধারণা প্রদানকারীদের পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, ‘উদ্ভাবনই একটি বিশ্ববিদ্যালয়কে সময়ের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। প্রযুক্তি নির্ভর প্রশাসন, দক্ষ সেবা ব্যবস্থা এবং সৃজনশীল চিন্তার সমন্বয়েই গড়ে উঠবে আগামী দিনের স্মার্ট কুয়েট। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নতুন ধারণা ও সৃজনশীল উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট দু’টি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

শিক্ষক ও কর্মকর্তাদের ক্যাটাগরিতে সেরা উদ্ভাবক হিসেবে নির্বাচিত হন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের সহকারী অধ্যাপক শারফান উপল। শিক্ষার্থী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: আখলাকুল ইসলাম ফাইম (রোল : ২২২১০৫৪)। প্রথম রানার-আপ হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম তাসীন (রোল : ২২০৫০৭৬)।

যৌথভাবে দ্বিতীয় রানার-আপ হন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো: রাগীব আবিদ (রোল : ২৪১১০২১) এবং ইলেক্ট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাফিকুজ্জামান রবিন (রোল : ২০০৯০৪৪)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দফতর প্রধান, ইনস্টিটিউট পরিচালক, হল প্রভোস্ট, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।