দেশে হত্যা খুন ও গুমের রাজনীতি আর চলবে না : শিবির সভাপতি
Printed Edition
চৌদ্দগ্রাম ( কুমিল্লা) সংবাদদাতা
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে যে বড় পরিবর্তন এসেছে, তা শুধুই ফ্যাসিস্ট হাসিনার পতন নয়; বরং একটি প্রজন্মের চিন্তাচেতনা, রাজনৈতিক মনোভাব ও সামাজিক সংস্কৃতিতে আমূল পরিবর্তনের সূচনা। গতকাল রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম এসব কথা বলেন। ছাত্রশিবিরের সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে এ প্রজন্মের সে পরিবর্তিত মনোভাবের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। পুরনো ধাঁচের সঙ্ঘাতমুখী রাজনীতি ও সংস্কৃতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। বরং তারা উদারতা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যা দেশের জন্য ইতিবাচক ও আশাব্যঞ্জক।
জাহিদুল ইসলাম আরো বলেন, জুলাই-আগস্টের পর আমরা ভেবেছিলাম রাজনৈতিক সংস্কৃতিতে গভীর পরিবর্তন আসবে। কিন্তু দুঃখজনকভাবে কিছু ব্যক্তি, দল বা গোষ্ঠীর মাঝে এ পরিবর্তন দৃশ্যমান নয়; বরং কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যাচ্ছে- ফ্যাসিস্ট হাসিনা যে কাজগুলো করতে পারেনি, কিছু দল বা গোষ্ঠী তা নিজেদের হাতে নিয়ে বাস্তবায়নের চেষ্টা করছে।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে হত্যা, খুন, গুম, পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি আর বরদাশত করা হবে না। এ প্রজন্ম এসব ঘৃণ্য রাজনীতিকে প্রত্যাখ্যান করবে বলেও তিনি মন্তব্য করেন। জাহিদুল ইসলামের মতে, যে প্রজন্ম খুনি হাসিনার মতো একজন ফ্যাসিস্টের পতন ঘটাতে পারে, সে প্রজন্ম আর সহিংসতা বা ঘৃণার রাজনীতি বরদাশত করবে না। জুলাই-আগস্টে হামলা-সংঘর্ষ ও কাদা- ছোড়াছুড়ির রাজনীতির কবর রচনা হয়েছে। এখন দেশে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, সাবেক আমির মো: আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মো: মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির মো: সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মো: ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এবং কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি।
এর আগে জামায়াত-শিবিরের বহুসংখ্যক নেতাকর্মী চৌদ্দগ্রাম আসনে জামায়াত মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় গণমিছিল বের করে।