পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় ৪ সেনাসহ নিহত ৯

Printed Edition

দ্য ডন ও আনাদোলুর

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় চার সেনা নিহত হয়েছেন। পাল্টা হামলায় পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগেই তাদেরকে প্রতিহত করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, শুক্রবার ভারতীয় মদদপুষ্ট খারেজি গোষ্ঠীর সন্ত্রাসীরা বয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলার চেষ্টা করে। পাকিস্তান ‘ফিতনা আল খারেজি’ নামটি নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠীর জন্য ব্যবহার করে। সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ক্যাম্পের বাইরের দেয়ালে আঘাত করে। এতে দেয়ালের বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের বেসামরিক স্থাপনা, বিশেষ করে একটি মসজিদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।