‘রোড টু ২৬’ সিরিজ ব্রাজিল-ফ্রান্স-ক্রোয়েশিয়া-কলম্বিয়ার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মেগা আসর বিশ্বকাপ। এর আগে মেগা আসরের প্রস্তুতি হিসেবে মার্চে যুক্তরাষ্ট্রে একটি সিরিজে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। যার নাম দেয়া হয়েছে ‘রোড টু ২৬’ সিরিজ। এই ম্যাচগুলোর দিন-তারিখ গত পরশু ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। ফিফা আন্তর্জাতিক বিরতির সময়ে যুক্তরাষ্ট্রের বোস্টন, ফ্লোরিডার অরল্যান্ডো ও ওয়াশিংটন ডিসি অঞ্চলে অনুষ্ঠিত হবে এই সিরিজের ম্যাচগুলো।
সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে লড়াই হবে র্যাংকিংয়ের পাঁচ নম্বর দল কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিল ও তিনে থাকা দিদিয়ের দেশমের ফ্রান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে পর দিন ভোর ৫.৩০ মিনিটে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ কলম্বিয়া। ল্যান্ডোভার মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে ২৯ মার্চ রাত একটায় মুখোমুখি হবে কলম্বিয়া ও ফ্রান্স। আর ১ এপ্রিল ভোর ৬টায় অরল্যান্ডোতে এই সিরিজের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।