পাকিস্তান হাইকমিশনে আল্লামা মামুনুল হক : শিক্ষা ও বাণিজ্যে সহযোগিতার আহ্বান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে দেশটির হাইকমিশনার ইমরান হায়দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা বিনিময়, হালাল বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রাতৃত্বের ওপর গুরুত্বারোপ করে আল্লামা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন শতাব্দীর পুরনো। এই বন্ধনকে এখন শিক্ষা, বাণিজ্য এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কাঠামোয় রূপ দেয়ার সময় এসেছে।’

তিনি আরো যেসব বিষয়ে গুরুত্বারোপ করেন সেগুলো হলো দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি এবং বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার কোটা ও সুযোগ সম্প্রসারণ।

ক্রমবর্ধমান আন্তর্জাতিক হালাল বাজারে দুই দেশের অবস্থান শক্ত করতে যৌথ বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দুই রাষ্ট্রের মধ্যকার সামাজিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এই সহযোগিতাগুলোকে আনুষ্ঠানিক রূপ দেয়ার এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আমিরে মজলিসের সাথে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং পাকিস্তান হাইকমিশনের পক্ষে হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।