নির্বাচনকে নির্বাসন থেকে ফেরাতে ওয়াচডগের ভূমিকায় থাকতে হবে : ড. বদিউল আলম
Printed Edition
খুলনা ব্যুরো
সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত তিনটি জাতীয় নির্বাচন কার্যত নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল। নির্বাসন থেকে নির্বাচনকে ফিরিয়ে আনতে জনগণ ও গণমাধ্যমকর্মীদের ওয়াচডগের ভূমিকায় থাকতে হবে।
গতকাল খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সুজন সম্পাদক বলেন, অতীতের তিনটি নির্বাচনে গণমাধ্যম ওয়াচডগের পরিবর্তে ল্যাপডগে পরিণত হয়েছিল, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত হতাশাজনক। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের ভীত রচনার নির্বাচন। এ কারণে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে অন্যতম বড় বাধা হলো রাজনীতিকে ব্যবসায় পরিণত করা। বিগত দিনে নির্বাচনী অঙ্গনকে পরিকল্পিতভাবে অপরিচ্ছন্ন করা হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে নির্বাচন ব্যবস্থাকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। মনোনয়ন বাণিজ্য ও ভোট কেনাবেচার মাধ্যমে নির্বাচনকে কলুষিত করা হয়েছে; যা বন্ধ করা এখন সময়ের দাবি।
ড. বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্রের পথে বহু সমস্যা ও বাধা রয়েছে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর না করলে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব হবে না। এজন্য রাজনৈতিক সংস্কারের পাশাপাশি প্রশাসনিক ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার জরুরি।
সুজন খুলনার সভাপতি অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে এবং সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খোদার সঞ্চালনায় সংলাপে বক্তৃতা দেন খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী জনার্দন দত্ত নান্টু।
সংলাপে আরো বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো: রাশিদুল ইসলাম, সিপিবি খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা মহানগর আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস কে রাশেদ এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।
নির্বাচনী শিক্ষার প্রসার প্রয়োজন
এ দিকে চট্টগ্রাম কলেজে সুজন এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রামের যৌথ উদ্যোগে গতকাল প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফের সভাপতিত্বে শেষ হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এবং সুজনের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও সুজন-চট্টগ্রাম জেলা সভাপতি প্রফেসর সিকান্দার খান। উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজন জেলা সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার, শিক্ষাবিদ ও পরিবেশ সংগঠক উত্তম কুমার আচার্য্য, ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম জেলার সমন্বয়কারী নওরিন তাসনিয়া খান মাঈশা প্রমুখ।