সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ঢাবির ভিসি নিয়াজ আহমেদ খান

Printed Edition

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষের আমন্ত্রণে গতকাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আরেফিন নগর পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং ক্যাম্পাসের সৌন্দর্যে মুগ্ধ হন। সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভিসি ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তারা।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ব¦বিদ্যালয় পর্যায়ে শিক্ষকতায় গবেষণা ও প্রকাশনা খুব গুরুত্বপূর্ণ। গবেষণা কাজে এগিয়ে থাকলে প্রতিষ্ঠানও এগিয়ে যাবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট পার্থক্য করার সুযোগ নেই। সব বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এক ও অভিন্ন তা হলো গবেষণাভিত্তিক জ্ঞান আহরণ ও বিতরণ। মনে রাখতে হবে শেখার কোনো বিকল্প নেই। কাজে না এলেও শিখতে হবে। কখন কোন শিক্ষাটা কাজে আসবে তা আমরা কেউ বলতে পারি না। জীবনে সবকিছু অনুকূলে থাকবে না, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকতে হবে। আপনি যে পদে থাকেন না কেন, পদটি বড় বিষয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দায়িত্ব। আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি তাহলে দেশ এমনিতেই এগিয়ে যাবে। জীবনকে এমনভাবে গঠন করতে হবে যাতে চেয়ার চলে গেলেও মানুষের হৃদয়ে থাকা যায়।

তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠান তৈরি করা অনেক কঠিন এবং এটি টিকিয়ে রাখা আরো বেশি কঠিন। আশা করি সব প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ব পরিমণ্ডলে সাউদার্ন ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণায় অনেক দূর এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি।