চবিতে চাকসু ও হল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Printed Edition
পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ভিসি ও চাকসু সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। চাকসু জিএস সাঈদ বিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন এ প্রশাসনের অন্যতম বড় সাফল্য। নতুনভাবে শুরু হওয়া এই সংসদের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। গত দেড় বছরে মেগা কনভোকেশন, হলে মেধার ভিত্তিতে আসন বণ্টন, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রতিষ্ঠা ও গবেষণায় চবি অনেক দূর এগিয়েছে।’ তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় শতভাগ ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সবার দোয়া কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বলেন, চাকসু নির্বাচনের ফলে শিক্ষার্থীদের অধিকার সচেতনতা ও মত প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। প্রশাসন ও ছাত্র সংসদ একযোগে কাজ করলে বিশ্ববিদ্যালয় আরো সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে গত চার মাসের কার্যক্রম পর্যালোচনা, প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ ছাড়া চাকসুর অফিসিয়াল ওয়েবসাইট, বার্ষিক ক্যালেন্ডার ও একটি ডকুমেন্টারি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট এবং চাকসু ও হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বার্ষিক ক্যালেন্ডার ও উপহার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।