আনিতা হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল
Printed Edition
বরিশাল ব্যুরো
বরিশালে সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তারের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্ত্তী, মহিলা ফোরামের জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাছরিন, সদস্য ইসমত আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সোনারগঁঁাঁও টেক্সটাইল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো: ইমরান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন এবং হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় শাখার সংগঠক নাজলা আক্তারসহ অনেকে।
বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল নগরীর মুনশি গ্যারেজ এলাকায় মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতার লাশ উদ্ধার করা হয়। তারা অভিযোগ করেন, হিমুর সাথে সম্পর্ক থাকলেও পূর্বের একটি হত্যার অভিযোগ জানার পর আনিতা সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়।
সমাবেশ থেকে অবিলম্বে অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।