মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন : মির্জা ফখরুল

Printed Edition
3rd-5
স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে নবনিযুক্ত ৬ সিটির প্রশাসকরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না তা নির্ধারিত হবে জাতীয় সংসদে।

গতকাল সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলোতে যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ বেশি সেবা এবং ভালোভাবে পাবে। এটা আমাদের বিশ্বাস আরকি। সে কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। এতে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়বে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার কি না, এ বিষয়ে মতামত চাওয়া হলে তিনি বলেন, না, আমার ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ নেই এখানে। এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত কি সংসদের প্রথম অধিবেশনে হবে?

মির্জা ফখরুল বলেন, যেসব স্থানীয় সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই নির্বাচন শুরু হবে। সে ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। ধাপে ধাপে পৌরসভাসহ সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে সরকার।

স্থানীয় সরকার নির্বাচন শুরু করে কত দিনের মধ্যে শেষ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এখনই বলা যাবে না। এটা চলমান প্রক্রিয়া। কারো মেয়াদ শেষ হয়, আবার নির্বাচন হয়। ইউনিয়ন পরিষদেও তাই হয়, উপজেলাতেও তাই হয়। সুতরাং ইট ইজ অ্যা কন্টিনিউয়াস প্রসেস।

এর আগে মন্ত্রীর কাছে সিটি করপোরেশনের প্রশাসকরা যোগদানপত্র জমা দেন।

এ সময় মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া ছয় প্রশাসক। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের একটা কর্মসূচি নেবেন নতুন প্রশাসকরা।

চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎ পরবর্তী এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা আরো সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সিটি করপোরেশনের সমতা বৃদ্ধি ও আমিন বাজার পানি শোধনাগার সচল করার বিষয় কথা হয়। এ ছাড়াও এ সময় স্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প চলমান আছে। তাদের সাথে সহযোগিতা কিভাবে আরো বাড়ানো যায় সে চেষ্টা চলছে। স্থানীয় সরকারের বিভিন্ন খাতে চীন কিভাবে আরো বেশি সহযোগিতা দিতে পারে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় চীনের সহযোগিতায় ইতোমধ্যে একাধিক প্রকল্প চলমান রয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যার সমাধান চেয়ে আসছে। চীন তিস্তা প্রকল্পে নিজ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে তখন বিস্তারিত জানানো যাবে। চীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে।