সিউল উদ্ভাবন মেলায় রুপালি পদক পেল বাংলাদেশী দল

Printed Edition

খুলনা ব্যুরো

বাংলাদেশের রোবোটিক্স ও উদ্ভাবন দল ক্যালিব্রেটর-জেড দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনভেনশন ফেয়ারে (এসআইআইএফ) রুপালি পদক জিতেছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বার্ষিক উদ্ভাবন প্রদর্শনী। দেশের অন্যতম শিল্পগ্রুপ হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্যালিব্রেটর-জেড নামে দেশের ওই টিমকে স্পনসর করে।

৩ থেকে ৬ ডিসেম্বর আয়োজিত এ মেলায় ১৯টি দেশের উদ্ভাবক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় ক্যালিব্রেটর-জেড তাদের উদ্ভাবনী প্রকল্প ‘ব্লু-ওয়েভ ক্লিন টেক’ প্রদর্শন করে। তাদের পরিবেশবান্ধব প্রযুক্তি আন্তর্জাতিক বিচারক ও দর্শকদের মনোযোগ আকর্ষণ করে।

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জার্মানি, কোরিয়া, সৌদি আরব, পোল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনামসহ আরো অনেক দেশের প্রায় ৬০০ টিম এতে অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন, কোরিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাসান বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, হ্যানইয়াং বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী একমাত্র দলটির নেতৃত্ব দেন আব্দুল্লাহ ইবনে হাসান। সহনেতা ছিলেন মো: মারুফ মিয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারিফ আহমেদ। দলের অন্য সদস্যরা হলেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজের জায়েদ আবদুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ ও ইসতিয়াক আহমেদ, অবির হোসেন, মো: জাকারিয়া মিয়া এবং সামির আহম্মেদ।

দলনেতা আব্দুল্লাহ ইবনে হাসান বলেন, যুবদল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ উদ্ভাবকদের ভিড়ে নেতৃত্ব দেয়া ছিল জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই রূপালী পদক শুধু ক্যালিব্রেটর- জেডের নয়, বাংলাদেশের উদীয়মান উদ্ভাবনী অগ্রযাত্রার একটি বড় স্বীকৃতি।