রাজবাড়ী সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
Printed Edition
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১টার দিকে কালুখালী রতনদিয়া মালিয়াট যশোর-৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর অফিসার ও জমিদাতাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে চলছে শিক্ষাপ্রতিষ্ঠান জনবল নিয়োগসহ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া এবং আগামী বছরের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান অস্থায়ীভাবে চলবে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ ছাড়া ২০২৭ সাল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর ভর্তিসহ শিক্ষা কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিওসি সবাইকে এই মহতি উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।