কুকি-নাগা দাঙ্গায় ফের উত্তপ্ত মনিপুর
Printed Edition
ইন্ডিয়া টুডে
নতুন মুখ্যমন্ত্রী দায়িত্বগ্রহণের মাত্র চার দিনের মধ্যে ফের দাঙ্গা শুরু হয়েছে ভারতের মনিপুর রাজ্যের উখরুল জেলায়। রোববার উখরুলের লিতান গ্রামে অন্তত ২৩টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা। জানা গেছে, উখরুলের লিতান গ্রামে নাগা জনগোষ্ঠীর এক যুবকের ওপর হামলার অভিযোগ ওঠে গত রোববার। এ অভিযোগের জেরে রোববার সন্ধ্যা থেকেই সংঘর্ষ বাধে নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে সে সসময় টিয়ার শেল ছুড়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সঙ্ঘাতের সময়ে বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে। উত্তেজনা প্রশমনে সন্ধ্যা ৭টায় লিতান ও তার সংলগ্ন এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়। এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়। কিন্তু রোববার মধ্যরাতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। নাগা সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কুকি সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে।
মনিপুর রাজ্য পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সঙ্ঘাতকবলিত লিতান গ্রাম ও তার আশপাশের এলাকার পরিস্থিতি এখনো থমথমে। সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত ক্ষয়ক্ষতির হিসাব কষা চলছে বলেও জানিয়েছেন তিনি। রোববার সন্ধ্যা থেকে নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। জানা যাচ্ছে, নাগা জনগোষ্ঠীর এক যুবকের ওপর হামলার অভিযোগ ওঠে রোববার। ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়।