গোয়াইনঘাটে ৫০ হাজার মানুষের ভরসা খেয়া

Printed Edition

আমির উদ্দিন গোয়াইনঘাট (সিলেট)

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়নসহ আশপাশের প্রায় ৫০ হাজার মানুষ যুগের পর যুগ খেয়া, বাঁশের সাঁকো, ভেলা ও সাঁতারের ওপর নির্ভর করে যাতায়াত করছেন। পিয়াইন নদীর ওপর অলীরখাল এলাকায় একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও এখনো বাস্তবায়ন হয়নি।

স্থানীয়রা জানান, লাবু, লাটি, কালিজুরী, দোয়ারীখেল হাওর, মাদরাসা মহল্লা, বেড়িবিল, পিরের বাজার ঢালারপাড় ও দক্ষিণ প্রতাপপুরসহ বিস্তীর্ণ এলাকায় বসবাসরত মানুষজন উপজেলা সদর, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়।

এ অঞ্চলে কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম উচ্চবিদ্যালয়, কালিজুরী মাদরাসা ও পিরের বাজার কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকলেও যাতায়াত ব্যবস্থার অভাবে সেবাগ্রহণ ব্যাহত হচ্ছে।

সম্প্রতি এলাকার সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি সরেজমিন পরিদর্শনও করেছেন।

আহারকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন বলেন, ‘সেতু না থাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচল অত্যন্ত কষ্টকর। একটি ব্রিজ নির্মিত হলে এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটবে।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন জানান, সেতু নির্মাণের দাবিতে তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এবং ইউনিয়ন পরিষদের অর্থায়নে উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘সেতুটি অত্যন্ত জরুরি। বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে এবং ইতোমধ্যে জরিপ কার্যক্রম শুরু হয়েছে।’ দ্রুত সেতু নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশা করছেন এলাকাবাসী।