ট্রাক চালক ও হেলপারসহ ২ জেলায় ৩ জন নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় ট্রাক চালক ও হেলপার এবং ঝিনাইদহে এক চালক নিহত হয়েছেন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি মিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক আনিছুর রহমান আনিস-৫৫ এবং হেলপার রতন-৩২। তারা দুজনই ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কের মিনাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিছুর রহমান আনিসের লাশ উদ্ধার করা হয়। হেলপার রতন পাথরের নিচে চাপা পড়ায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরে তার লাশও উদ্ধার করা হয়। উভয়ের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড়দাহ ব্রিজসংলগ্ন এলাকায় রাস্তার পাশে ট্রাক থামিয়ে একটি দোকানে চা পান করতে যান আব্বাস। চা খাওয়া শেষে ট্রাকে ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এমন সময় খুলনা থেকে কুষ্টিয়াভিমুখী ‘রূপসা পরিবহন’ নামের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। চালকসহ বাসটি শনাক্ত করার জন্য পুলিশি তৎপরতা চলছে।