ফিলিস্তিনি লেখক বিতর্কে উৎসব বাতিল
Printed Edition
বিনোদন প্রতিবেদক
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে গত মাসে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ ধরে তৈরি হওয়া অস্থিরতায় শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল বিখ্যাত সাহিত্য আসর ‘অ্যাডিলেড রাইটার্স উইক ২০২৬’। উৎসবে আমন্ত্রিত অতিথি, ফিলিস্তিনি-অস্ট্রেলীয় লেখক রান্দা আবদেল-ফাত্তাহকে আয়োজক কমিটি আকস্মিকভাবে ‘ডিসইনভাইট’ বা আমন্ত্রণ বাতিল করার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে উৎসব থেকে নাম প্রত্যাহার করে নেন ১৮০ জনেরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় লেখক এবং বক্তা। এত বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর বর্জনের মুখে মঙ্গলবার উৎসবের পুরো বোর্ড পদত্যাগ করে এবং অনুষ্ঠানটি বাতিলের চূড়ান্ত ঘোষণা দেয়।
মূলত বন্ডি বিচে একটি ইহুদি ধর্মীয় উৎসব চলাকালীন উগ্রবাদী গোষ্ঠী দায়েশ দ্বারা অনুপ্রাণিত হয়ে চালানো এক হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনা কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। উৎসবের বোর্ড জানায়, বর্তমান জাতীয় প্রেক্ষাপট এবং ‘সাংস্কৃতিক সংবেদনশীলতা’র কারণে তারা ফিলিস্তিনি এই লেখককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে বোর্ডের পক্ষ থেকে রান্দা আবদেল-ফাত্তাহর কাছে পরে ক্ষমা চাওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। রান্দার মতে, একটি সন্ত্রাসী হামলার দায় ফিলিস্তিনিদের ওপর চাপানো এবং এর অজুহাতে তার কণ্ঠরোধ করার চেষ্টা অত্যন্ত ‘অশোভন ও অযৌক্তিক’। ফিলিস্তিনি অধিকার নিয়ে সোচ্চার এই লেখক বলেন, কোনো হামলা বা পরিস্থিতির অজুহাতে ফিলিস্তিনিদের ওপর চলা নির্যাতনের বিরুদ্ধে কথা বলা তিনি বন্ধ করবেন না। মূলত আয়োজকদের এই স্ববিরোধী অবস্থান এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে বিশ্বের বিশিষ্ট লেখকরা একযোগে এই উৎসব বর্জন করায় শেষ পর্যন্ত মুখথুবড়ে পড়ল অস্ট্রেলিয়ার এই ঐতিহ্যবাহী সাহিত্য আয়োজন।