আবারো হাফেজ্জী হুজুরের নামে ফিরল ফিনিক্স রোড

Printed Edition
3rd-6
ডিএসসিসি ভবনের সামনের সড়ক আবার হাফেজ্জী হুজুরের নামে নামকরণ শেষে দোয়া করা হয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনের ফিনিক্স রোড আবারো ফিরল হাফেজ্জী হুজুরের নামে। গতকাল বঙ্গবাজার মোড় হতে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যরে সড়কটি ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ নামে নামকরণ করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম গতকাল এ সড়কের নামফলক উন্মোচন করেন। এ সময় প্রশাসক বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ সড়কের নামকরণ করা হয়েছে। এমন একজন পীর-বুজুর্গ ব্যক্তির স্মরণে এ নামকরণ করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আশাকরি, হাফেজ্জী হুজুরের আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে।

তিনি জানান, স্থানীয় ধর্মীয় নেতাদের অনুরোধ ও জনদাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি ও দিকনির্দেশনায় এ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। ২০১৭ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এ নামকরণ বাতিল করে। ওই বছরের ২২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে হাফেজ্জী হুজুর ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসান (রহ.)-এর নামে সড়কের নামকরণ বাতিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ নির্দেশনা অনুযায়ী সড়ক দু’টির সব স্থাপনা থেকে নাম দু’টি মুছে ফেলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রশাসক আরো বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। এডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। আমি নগরবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখুন; যাতে কোথাও পানি জমে না থাকে।

মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ইতোমধ্যে নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।