আজ কানাডায় গাইবেন সামিনা চৌধুরী

Printed Edition
bino-2
আজ কানাডায় গাইবেন সামিনা চৌধুরী

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, যিনি চার দশকেরও বেশি সময় ধরে একই শ্রোতাপ্রিয়তায়, জনপ্রিয়তায় থেকে এখনো নিয়মিত গান গেয়ে যাচ্ছেন, স্টেজ শোতেও গানে গানে দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন। কয়েক মাস বিরতির পর তিনি এরই মধ্যে আবারো কানাডা গেছেন একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশনের জন্য। কানাডার ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টো’র আহ্বানে তাদের আয়োজিত অনুষ্ঠানে কানাডার স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশের স্থানীয় সময় আজ সকালে) সঙ্গীত পরিবেশন করবেন সামিনা চৌধুরী। সুদূর কানাডা থেকে বিয়ষটি নিশ্চিত করেছেন সামিনা চৌধুরী। সেখানে সঙ্গীত পরিবেশন শেষে আগামীকাল ২৩ ডিসেম্বর তিনি ঢাকায় ফিরবেন। ঢাকায় ফিরেও বেশ কয়েকটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন গুণী এই সঙ্গীতশিল্পী। এদিকে কানাডা যাবার আগে বিটিভিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রচারিত ‘অক্ষয় ইতিহাস’ শিরোনামের অনুষ্ঠানে আরেক গুণী সঙ্গীতশিল্পী আলম আরা মিনুর সুরে গান গেয়েছেন। গানটি লিখেছেন অধরা জাহান। কানাডা সফর ও বিটিভিতে গান গাওয়া প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, সেই ১৯৯৩ সালে প্রথম কানাডাতে স্টেজ শোতে গাইতে আসি। এরপর আরো অনেকবার কানাডাতে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলাম। এবার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী রনি ভাইসহ অ্যাসোসিয়েশনের সবার নিমন্ত্রণে তাদের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে এসেছি। আশা করছি আজকের আয়োজন সব মিলিয়ে ভীষণ সুন্দর হবে এবং আমিও গানে গানে সবাইকে মুগ্ধ করার চেষ্টা করব। আরেকটি কথা না বললেই নয়, মিনু তো সত্যিই অনেক সুন্দর সুর করে। তার সুরের জ্ঞানকে আমাদের কাজে লাগানো উচিত। মূলত তাকে সাহস দিতেই তারই সুরে গানটি গেয়েছি আমি। আমার ভীষণ ভালোলাগে যখন দেখি আমাদের নারী শিল্পীরাও গানের সুর সৃষ্টি করছেন। এটা সত্যিই অনেক অনেক ভালোলাগার বিষয়। অধরা জাহানও একজন গীতিকবি হিসেবে খুব ভালো কাজ করছে। তার জন্যও দোয়া রইল।’ এদিকে চলতি বছরের শুরুর দিকে কানাডাতেই সামিনা চৌধুরীর সঙ্গীত জীবনের চার দশক উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে সামিনা চৌধুরীকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয়।