হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জ্বালানি উপদেষ্টার
Printed Edition
দিনাজপুর প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ সূচকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার সকালে দিনাজপুরের গোরা শহীদ বড় ময়দানে ভোটের নির্বাচনী গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আগে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারত না। জুলাই অভ্যুত্থানের পর জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এখন জনগণ যাকে চাইবে, সেই প্রার্থীই নির্বাচিত হবে।
তিনি সব ধর্ম-বর্ণের মানুষ ও আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে নির্বাচন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে ভোটের গাড়ি অনুষ্ঠান শেষ করে জ্বালানি উপদেষ্টা দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।