বিপিএলের জৌলুস ফেরানো নিয়ে মঈন আলী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের শুরুতে যেমন জৌলুস ছিল, গত কয়েক আসরে ধরে আর তা দেখা যায় না। বিপিএলে বড় তারকাদের অনুপস্থিতি এবং দর্শকদের মধ্যে আগের মতো উত্তেজনা না থাকার কারণ জানতে চাওয়া হলে মঈন সরাসরি বৈশ্বিক ক্রিকেট সূচির দিকে ইঙ্গিত করেন, ‘সত্যি বলতে আমি মনে করি, এটা অন্য লিগগুলোর সঙ্গে একইসময়ে সাংঘর্ষিক হচ্ছে, এটাই এক নম্বর কারণ। বিপিএল যখন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক একই সময়ে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ চলছে। এর পাশাপাশি আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিও খেলোয়াড়দের জন্য একটি বড় বিষয়। এই ধরনের সূচি সঙ্ঘাতের কারণে শীর্ষস্থানীয় খেলোয়াড়রা বিপিএলে অংশ নিতে পারছেন না, যা লিগের আকর্ষণ অনেকটাই কমিয়ে দিচ্ছে।’
মঈন আলী আরো বলেন, ‘বিপিএলকে তার হারানো জৌলুস ফিরিয়ে আনতে হলে একটি কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, হয়তো আরেকটা মৌসুম লাগবে। আশা করি ইনশাআল্লাহ পরের মৌসুমে জিনিসগুলো ভালো হবে কিন্তু এটা একটু সময় নেবে।’
লিগের মধ্যে ঘন ঘন ফ্র্যাঞ্চাইজি মালিকানা এবং দল পরিচালনায় পরিবর্তনও একটি বড় সমস্যা দেখছেন এই বিদেশী, ‘উদাহরণ হিসেবে বললে দল বদলাচ্ছে, মানুষ নিশ্চিত না কারা মালিক, কে দল চালাচ্ছে। এসব বিষয় এখনো বদলাচ্ছে। এখানে সব সময়ই পরিবর্তন হয়। তাই এটা আবার একটু স্থির হতে হবে। এই অস্থিরতা লিগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ব্র্যান্ড ভ্যালু তৈরিতে বাধা সৃষ্টি করছে। বিপিএল একটি স্থির পর্যায়ে আসা দরকার। বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে একটি সুনির্দিষ্ট উইন্ডো তৈরি করা এবং ফ্র্যাঞ্চাইজি কাঠামোতে স্থিতিশীলতা আনা গেলে বিপিএল আবারো তার হারানো জৌলুস ও আকর্ষণ ফিরে পেতে পারে।’