করপোরেট বোর্ডে নারী অন্তর্ভুক্তি জোরদারে আইসিএবি ও আইএফসির বৈঠক
Printed Edition
বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএবি) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) যৌথভাবে কাওরানবাজারের সিএ ভবনে ‘অগ্রসর অন্তর্ভুক্তিমূলক শাসন- স্বাধীন পরিচালকত্ব’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকের আয়োজন করে। দেশের করপোরেট বোর্ডে নারীর অন্তর্ভুক্তি জোরদারে নিয়ন্ত্রক সংস্থা, করপোরেট নেতা, শাসন বিশেষজ্ঞ ও উন্নয়ন অংশীদাররা এতে অংশ নেন।
বৈঠকে বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ জানান, বর্ধিত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ শেষ হতে চললেও ৩৬০টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে মাত্র ১৩৮টি একজন নারী স্বাধীন পরিচালক নিয়োগ করেছে। সময়সীমা শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন। বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী প্রতিটি তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে একজন নারী স্বাধীন পরিচালক নিয়োগ বাধ্যতামূলক।
আইসিএবি সভাপতি এন কে এ মবিন এফসিএর সভাপতিত্বে ও জেন্ডার ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ কমিটির চেয়ারম্যান জেরীন মাহমুদ হোসেন এফসিএর সঞ্চালনায় অধিবেশনটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশে যোগ্য মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সংখ্যা দ্রুত বাড়ছে, যারা স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালনে পূর্ণ প্রস্তুত।
বক্তব্যে কমিশনার লালারুখ আরো বলেন, বিএসইসি যোগ্য নারী স্বাধীন পরিচালক তৈরিতে কাজ করছে এবং প্রয়োজন হলে কিছু নিয়োগ মানদণ্ডে নমনীয়তা বিবেচনা করা যেতে পারে। পরিবার-পরিচালিত কোম্পানিগুলোর পরিচালকদের জন্য অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুব রহমান অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব কমাতে স্বচ্ছতা বৃদ্ধির আহ্বান জানান। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, স্বাধীন পরিচালকরা সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করেন এবং লিঙ্গবৈচিত্র্য বোর্ডের কর্মক্ষমতা বাড়ায়।
এ কাসেম অ্যান্ড কোং-এর সানজিদা কাসেম এফসিএ জানান, বর্তমানে নয়টি সেক্টরে ২১ জন নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বোর্ডে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ১৩৪ জন নারী এফসিএ স্বাধীন পরিচালক হওয়ার মতো সম্পূর্ণ বোর্ড-প্রস্তুত।
আইসিএবি ও আইএফসি যৌথভাবে জানান, নারী অংশগ্রহণ বৃদ্ধি কেবল নিয়ম মানা নয়, বরং করপোরেট সুশাসন ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ কৌশল। তারা ভবিষ্যতে যোগ্য নারী-পুরুষ উভয়ের জন্য স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক স্বাধীন পরিচালকের জাতীয় পাইপলাইন গঠনে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।