মাগুরায় আ’লীগের নাশকতার ছক বাস্তবায়নে রিয়া জোয়ার্দ্দার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
মাগুরায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৈরি নাশকতার ছক বাস্তবায়নের অভিযোগ পাওয়া গেছে। গোপনে কাজ করে যাচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মহিলা লীগের সভাপতি জোয়ার্দ্দার স্বর্নালী রিয়া ওরফে রিয়া জোয়ার্দ্দার। ইতোমধ্যে তার নেতৃত্বে এলাকায় ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপস ব্যবহার করে পলাতক নেতাদের নির্দেশনা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন মাগুরার ক্ষমতাধর পলাতক সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ঘনিষ্ঠ বান্ধবী খ্যাত এই নেত্রী। নারী হওয়ায় লোকচক্ষুর আড়ালে থেকে সহজেই আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য আদান প্রধান করছেন।
স্থানীয় আলীগের ঘনিষ্ঠ একটি সূত্রের অভিযোগ, রিয়া বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের সাথে নিয়মিত হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং সোস্যাল মিডিয়ায় যোগাযোগ রক্ষা করে চলেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও ভিডিওকলে কথাও বলেছেন এই নেত্রী। শেখ হাসিনাসহ পলাতক নেতাদের পুনর্বাসন এবং এলাকায় অরাজকতা সৃষ্টি করতে নানা ছক তৈরি করছেন।
বিগত ২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনকে দমন করতে আওয়ামী-পুলিশ বাহিনীর সাথে মাঠে ছাত্র-জনতাকে আক্রমণ করার বহু প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গণহত্যা এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। বর্তমানেও সেই আদেশ বহাল রেখেছে বিএনপি সরকার।
অথচ রিয়া জোয়ার্দ্দার অতি চতুরতার সাথে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একত্র করে সম্প্রতি মাগুরা সদরে একটি ঝটিকা মশাল মিছিল করে। অথচ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, তিনি পলাতক থাকায় তাকে পাওয়া যাচ্ছে না।
বিষয়ে মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনীম বলেন, আমরা বিভিন্ন সময়ে তার বাসায় অভিযান চালিয়েছি; কিন্তু তিনি পলাতক। এখন পলাতক অবস্থায় কিভাবে তিনি এসব কাজ করছেন তা আমাদের জানা নেই। তবে প্রকাশ্যে তিনি কিছু করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।