টাঙ্গুয়ার হাওর রক্ষায় সমন্বিত পরিকল্পনার তাগিদ
Printed Edition
সিলেট ব্যুরো
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রাজস্ব বৃদ্ধির চেয়ে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান। গত সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনাবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশ অধিদফতরের ‘টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্প’ এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. লুৎফর রহমান।
বিভাগীয় কমিশনার বলেন, প্রায় ৬০ হাজার মানুষের জীবন-জীবিকা এই হাওরের ওপর নির্ভরশীল। পর্যটনের বিকাশ প্রয়োজন হলেও তা অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে। নিয়ন্ত্রণহীন নৌযান ও পর্যটন কার্যক্রম বৃদ্ধি পেলে হাওরের প্রতিবেশে নেতিবাচক প্রভাব পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় বন, কৃষি, মৎস্য অধিদফতর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদফতরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান ও প্রকল্প পরিচালক সাহেদা বেগমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও অংশীজনরা বক্তব্য দেন।