ধামরাইয়ে নাহিদা হত্যার মূল আসামি গ্রেফতার

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণের চাপে পড়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে হত্যা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় মূল আসামি শামীম ওরফে স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এক সংবাদ সম্মেলনে ধামরাই থানার ওসি নাজমুল হুদা এ তথ্য জানান। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত শিলপাটা এবং লুট করা কানের দুল উদ্ধারের কথাও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাহিদা ও অভিযুক্ত শামীম একই ফ্ল্যাটে সাবলেট হিসেবে ভাড়া থাকতেন। আগে থেকেই নাহিদাকে হত্যার পরিকল্পনা করেন শামীম। গত বৃহস্পতিবার ধামরাই পৌর শহরের লাকুড়িয়াপাড়া মহল্লার একটি চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার দিন বিকেল ৫টার দিকে নাহিদার নানি বাসার বাইরে গেলে শামীম ডিম ভাজার জন্য পেঁয়াজ-রসুন লাগবে- এমন অজুহাতে তাদের ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই সে নাহিদার কাছে টাকা দাবি করে।

নাহিদা টাকা দিতে অস্বীকৃতি জানালে শামীম প্রথমে ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে এবং ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। পরে সাথে থাকা কাটার দিয়ে তার গলা কাটে। মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা শিলপাটা দিয়ে মাথা থেঁঁঁতলে দেয়। এরপর কানে থাকা দুল খুলে নিয়ে পালিয়ে যায় শামীম। পরে রাত ৮টার দিকে পুলিশ ফ্ল্যাট থেকে নাহিদার লাশ উদ্ধার করে।