হাসিনা-কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে শুনানি চলতি সপ্তাহে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা আবেদন শুনানির জন্য চলতি সপ্তাহে চেম্বার জজ আদালতে উপস্থাপন করবে প্রসিকিউশন।
গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি বলেন, আমরা এ মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি। এটা শুনানির জন্য দু-এক দিনের মধ্যে চেম্বার আদালতে আবেদন দেব। চেম্বার জজে শুনানির পর ফুল কোর্টে চলে যাবে। পরে প্রধান বিচারপতির সমন্বয়ে পূর্ণ বেঞ্চ সিদ্ধান্ত নেবেন যে, এটা কবে শুনানি করবেন। তবে আইনে পরিষ্কার করে বলা আছে যে, আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি শুনানি করতে হবে। আমরা সেটির ওপর গুরুত্বারোপ করব।
গত বছরের ১৫ ডিসেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। ২৭ নভেম্বর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় ঘোষণা হয় গত ১৭ নভেম্বর। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-কামালকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও আরেকটিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সাথে রাজসাক্ষী হিসেবে জবানবন্দী দেয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।