মোবাইল চার্জার বিস্ফোরণ
সোনারগাঁওয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ
Printed Edition
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবাইল চার্জার বিস্ফোরণ হয়ে গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা আগুনে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় আজিজ মিয়ার ছয় তলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আজিমউদ্দিন মিয়ার ভাড়াটিয়া আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের মূল কারণ উদঘাটনে তদন্ত কাজ শুরু করেছেন। তবে এ বিষয়ে বাড়ির মালিক আজিমউদ্দিন মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।
আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টে কাজ করতেন তার ভাই। গতকাল শনিবার ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে রুমে ঢুকতেই আগুনে ঝলসে যান। একই সময় ঘরে থাকা তার মা ও দুই মেয়েও আগুনে দগ্ধ হন। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা দ্রুত বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি ধারণা করছেন, রান্না ঘরের গ্যাসলাইন লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল। দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি। ফলে মোবাইল চার্জার বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আগুন ঘরে ছড়িয়ে পড়ায় তারা দগ্ধ হয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান জানান, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।