ফটিকছড়িতে আপত্তিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল : গ্রেফতার ৬
Printed Edition
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে এক নারীকে আপত্তিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভূজপুর থানায় ভুক্তভোগী নারীর মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দেবাশীষ চক্রবর্তী, জিকু দে, রনি দে, জয় দে, ইমন শীল ও শাকিল।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী ভূজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় পাঁচ-ছয় বছর আগের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কোনোভাবে অভিযুক্তদের হাতে চলে যায়। এরপর থেকে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীকে দীর্ঘ দিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিল। সম্মান বাঁচাতে ইতোপূর্বে তিনি অভিযুক্তদের ৭০ হাজার টাকা দিলেও সম্প্রতি তারা আরো ৫০ হাজার টাকা দাবি করে। উপায়ান্তর না দেখে ওই নারী আইনের আশ্রয় নেন।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র জানান, মামলার পরপরই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মোবাইল ফোন তল্লাশি করে ব্ল্যাকমেইলের সপে বেশ কিছু আপত্তিকর আলামত পাওয়া গেছে। এজাহারভুক্ত বাকি দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।