জাতীয় সংসদের চিফ হুইপ মনি : হুইপ হলেন ছয়জন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। এ ছাড়া আরো ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দি বাংলাদেশ হুইপস অর্ডার ১৯৭২ এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও ছয় হুইপ নিযুক্ত করেছেন।
নিয়োগ পাওয়া হুইপরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ করতে হয় না। চিফ হুইপ মন্ত্রী পদমার্যাদা এবং হুইপরা প্রতিমন্ত্রী পদমর্যাদা পেয়ে থাকেন। তবে বিরোধী দলীয় চিফ হুইপ এর কোনো পদমর্যাদা না থাকলেও সংসদ ভবনে তার জন্য অফিস কক্ষ ও স্টাফ রয়েছে।