মুন্সীগঞ্জ-১ আসনে শেখ আব্দুল্লাহর পক্ষে ঐক্য
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দলের অভ্যন্তরীণ মতবিরোধ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স্বার্থে মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহর প্রতি সমর্থন ঘোষণা করেছেন মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল থেকে এই সমর্থনের ঘোষণা দেয়া হয়।
সিরাজদিখান থানা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে থানা বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় নেতাকর্মীরা ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং নির্বাচনী মাঠে বিএনপিকে শক্ত অবস্থানে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন বলেন, মনোনয়ন না পাওয়ায় শুরুতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছিল। তবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহ সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাইকে সাথে নিয়েই নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাওয়া হবে। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয় নিশ্চিত করতে পারে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই সমর্থন ঘোষণার ফলে এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে। দলীয় কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধ অবস্থান দলটির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
দোয়া মাহফিল ও সমর্থন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, রসুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ শ্যামল, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম ও আজিজুল হক খান, ইছাপুরা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, চিত্রকোট ইউনিয়নের সাবেক সভাপতি মজিবুর রহমান, বয়রাগাদী ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো: মোজাম্মেল হক, মালখানগর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন, থানা কৃষক দলের সাবেক সভাপতি বাবুল মাঝি, থানা বিএনপির সাবেক সদস্য মাহবুব হোসেন রন্টু, জেলা সাবেক সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন আলতু, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম ফয়সাল, মালখানগর ইউনিয়ন যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক দেলোয়ার মোল্লাসহ সহস্রাধিক নেতাকর্মী।