সূত্রাপুরে পোলিং এজেন্টদের ওপর চড়াও বিএনপি

কড়াইলে জামায়াতের নারী পোলিং এজেন্টদের ওপর হামলা, আহত ১০

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে রাজধানীর বিভিন্ন স্থানে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বনানীর কড়াইল বস্তি এলাকায় জামায়াতে ইসলামীর নারী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচিতে হামলা এবং ঢাকা-৬ আসনের একটি কেন্দ্রে পোলিং এজেন্টদের ওপর হামলার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে বনানীর কড়াইল এলাকায় জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আনোয়ারের বাসভবনে নারী পোলিং এজেন্টদের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠান চলাকালে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী অতর্কিতভাবে বাসার ভেতরে ঢুকে হামলা চালায়।

হামলায় রেবেকা বেগম নামে এক নারী কর্মীর মাথা ফেটে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হামলায় শাহানা আক্তার, মীমসহ আরো অন্তত সাত-আটজন নারীকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াত।

ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, কড়াইল ইউনিট বিএনপির সভাপতি খাইরুল এবং স্বেচ্ছাসেবক দল নেতা গিয়াসউদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে মহিলা দল নেত্রী রোকেয়া, বিউটি, ছাত্রদল নেতা রাজন এবং যুবদল নেতা শাহজাহান, রুহুল আমীন ও সাঈদসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে অভিযোগ উঠেছে।

ঢাকা-৬-এ পোলিং এজেন্ট ওপর হামলা : অন্য দিকে রাজধানীর সূত্রাপুরে অবস্থিত জুবিলী স্কুল ভোটকেন্দ্রেও সঙ্ঘাতের ঘটনা ঘটেছে। জানা গেছে, জামায়াতের পোলিং এজেন্ট নিয়োগ ও কেন্দ্রে প্রবেশসংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাদানুবাদ হয়। একপর্যায়ে বিএনপি উত্তেজিত নেতাকর্মীরা পোলিং এজেন্টদের ওপর হামলা চালায়।