বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের উদ্যোগ ইউজিসির
Printed Edition
দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানোর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা দেয়া এবং ডিজিটাল বৈষম্য কমাতে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালুর যে অঙ্গীকার আছে, তারই অংশ হিসেবে ইউজিসি এ উদ্যোগ নিয়েছে।
চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে গতকাল ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো: সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো: ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মো: ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিতসহ ইউজিসি, হিট প্রকল্প এবং বিডিরেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।