তায়াম্মুম করার নিয়ম
Printed Edition
আরিফ মাহমুদ
প্রথমে পবিত্রতা অর্জন করার নিয়ত করতে হবে। নিয়ত এভাবে করতে পারেন- আমি নামাজ পড়ার উদ্দেশ্যে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করছি। এরপর পবিত্র মাটি বা মাটিজাতীয় বস্তুতে উভয় হাত মেরে (যদি ধুলা থাকে) হালকা ঝাড়া দেবেন। এরপর একবার পুরো মুখ মাসাহ করবেন। এরপর আবার মাটিতে হাত মেরে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ব্যতীত অপর চার আঙুলের পেট ডান হাতের চার আঙুলের পিঠে রাখতে হবে। এরপর ডান হাতের পিঠের ওপর দিয়ে কনুইয়ের দিকে টেনে আনতে হবে। তারপর বাম হাতটি উল্টে হাতের তালু এবং বৃদ্ধাঙ্গুলের পেট দিয়ে ডান হাতের কনুইয়ের দিক থেকে আঙুলের দিকে এমনভাবে টেনে আনতে হবে যেন বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পেট ডান হাতের বৃদ্ধাঙ্গুলের পিঠের ওপর দিয়ে যায়। অনুরূপভাবে বাম হাতও মাসাহ করবেন। এটা হলো তায়াম্মুমের সুন্নাত তরিকা। এ ছাড়া যেকোনো পদ্ধতিতে পুরো মুখ ও উভয় হাত কনুইসহ মাসাহ করলেই ফরজ আদায় হয়ে যাবে। অজু ও ফরজ গোসলের তায়াম্মুম একই। এক তায়াম্মুমই উভয়ের জন্য যথেষ্ট।
(সূত্র : বুখারি ৩৪১; বায়হাকি শরিফ, ১/২০৭ ; ফতোয়ায়ে মাহমুদিয়া, ৮/১৯০; আপকে মাসায়েল আওর উনকা হল, ৩/১২৮; আহসানুল ফতোয়া, ২/৫৭)
লেখক : শিক্ষার্থী, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, সিআরপি, সাভার, ঢাকা