৪৯৯ রানের ম্যাচে রেকর্ডের বন্যা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই আসরের প্রথম শিরোপাও ঘরে তুলেছিল দলটি। আর ২০১০ ও ২০২২ আসরে ট্রফি জয় করেছিল ইংল্যান্ড। শিরোপা জয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে চলমান আসরে দ্বিতীয় সেমিফাইনালে আবার মুখোমুখি হয় দল দু’টি। ফাইনালে উঠার লড়াইয়ে গত পরশু হয়ে গেল এক অবিশ্বাস্য লড়াই। দুই ইনিংস মিলে এই ম্যাচে মোট রান হয়েছে ৪৯৯। এক দলের রান ছাড়াল আড়াই শ’। কাছাকাছি গেল আরেক দল। তাতে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি হয়েছে অনেক দলীয় রেকর্ডও।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৫৩ রান করেছে ভারত। যা টি-২০ আন্তর্জাতিকের নকআউট বা প্লে-অফ ম্যাচে যেকোনো দলের করা সর্বোচ্চ রান। এই ম্যাচে ৭ উইকেটে ২৪৬ রান করেছে ইংল্যান্ডও। এর আগে সর্বোচ্চ ছিল ২০২৪ সালে সাব-রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ারের গ্রুপ-এ ফাইনালে রোমানিয়ার বিপক্ষে ৪ উইকেটে ২৪৪ রান ছিল ইতালির। আর টি-২০ বিশ্বকাপে এর আগে একবারই ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে (২০০+) ৪ উইকেটে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আন্তর্জাতিক টি-২০তে ইংল্যান্ডের বিপক্ষে গত পরশুসহ ২৫০+ স্কোর ৬বার করেছে ভারত। যা অন্য যেকোনো দলের চেয়ে দ্বিগুণ। আর সব ধরনের টি-২০তে ২৫০+ স্কোর করে এই রেকর্ডটি এতদিন দখলে রেখেছিল আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ।

পুরুষ টি-২০ বিশ্বকাপে ২০০৭, ২০১৪, ২০২৪ ও ২০২৬- এরই চারবার ফাইনালে উঠেছে ভারত। যেকোনো দেশের জন্য যা সর্বোচ্চ। আর আইসিসির কোনো টুর্নামেন্টে ১৪বার ফাইনালে খেলে রেকর্ডটি এতদিন দখলে রেখেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এবারসহ ১৫বার ফাইনালে উঠে সেই রেকর্ডটিও এখন দখলে নিয়েছে ভারত। যার মধ্যে ওয়ানডেতে ৪বার, টি-২-তে ৪বার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫বার, ও ২বার ফাইনালে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। সেমিফাইনালে ৮৯ রান করেছেন সঞ্জু স্যামসন। এর আগে সুপার এইটের ম্যাচে অপরাজিত ৯৭ করে দলকে দূর্দান্ত এক জয় এনে দিয়েছিলেন তিনি। দুই খেলাতেই ম্যাচ সেরা তিনি।

আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে ২০২৩ সালে করা ৫১৭ রান এতদিন ছিল সর্বোচ্চ। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও ভারত মিলে করা ৪৯৯ রান দ্বিতীয় সর্বোচ্চ। আর ৪৯৯ রান টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান। এর আগে ২০১৬ বিশ্বকাপে ওয়াংখেড়ে ৪৫৯ রান করে রেকর্ডটি দখলে রেখেছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপে নকআউটে গত পরশু ভারতের বিপক্ষে ১০৫ রান করে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের মালিক এখন ইংল্যান্ডের জ্যাকব বেথেল। আর আন্তর্জাতিক টি-২০তে যা পঞ্চম সর্বোচ্চ। আর সবচেয়ে কম বয়সে (২২ বছর ১৩৩ দিন) আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা তৃতীয় কনিষ্ঠ ব্যাটার এখন ইংলিশ এই টপঅর্ডার ব্যাটার। ২১ বছর ৩২৪ দিন বয়সে তিন ফরম্যাটে সেঞ্চুরি করে প্রথমে আছেন জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রায়ান বেনেট এই তালিকায় ২২ বছর ১২৭ দিন বয়সে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে আছেন আহমেদ শেহজাদ।

ভারত-শ্রীলঙ্কায় যৌথভাবে চলমান বিশ্বকাপে ৩৩ বলে সেঞ্চুরি করে সবচেয়ে দ্রুততম শতকের মালিক নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। আর এই তালিকায় দ্বিতীয় স্থানটি দখলে নিয়েছেন ৪৬ বলে শতক হাঁকিয়ে বেথেল।

ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসে ১৯টি ছক্কা হাঁকিয়েছে ভারত। যা টি-২০ বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে সিলেটে নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড এবং ওয়াংখেড়েতে চলমান বিশ্বকাপে ১৯টি ছক্কা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচে।

ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী বল হাতে ৪ ওভারে দিয়েছেন ৬৪ রান। যা টি-২০তে দেশটির কোনো বোলারের যৌথ দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ। আর বিশ্বকাপে ভারতের কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড। দুই দল মিলে এই ম্যাচে মোট বাউন্ডারি মেরেছে ৭৩টি। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ। আর সব ধরনের টি-২০ ম্যাচের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। দুই দল মিলে ৩৪টি ছক্কা হাঁকিয়ে টি-২০ বিশ্বকাপে গড়েছে নতুন রেকর্ড।