যোগদান করলেন ৬ সিটি করপোরেশনের প্রশাসকরা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। গতকাল সচিবালয়ে মন্ত্রীর কক্ষে তারা যোগদান করেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে কাজের গতি বাড়াতে গত সোমবার দেশের ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার। আগে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা খণ্ডকালীনভাবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করতেন। এবার তাদের সরিয়ে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের অপসারণ করে। এর পর থেকে প্রশাসক দিয়ে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে। কেবল ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক বছরের জন্য সরকারি কর্মকর্তার বাইরে থেকে মোহাম্মদ এজাজকে প্রশাসক করা হয়েছিল। সেই মেয়াদ শেষ হলে তা আর বাড়ানো হয়নি। পরে ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে সেখানে প্রশাসক করা হয়। ঢাকা দক্ষিণ সিটিতে কয়েক মাস ধরে সরকারের আরেক কর্মকর্তা মো: মাহমুদুল হাসান দায়িত্ব পালন করছিলেন।
সরকারি কর্মকর্তারা নিজ নিজ দফতরের কাজের পাশাপাশি সিটি করপোরেশনের দায়িত্বও সামলাতেন। এতে কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। তবে প্রশাসক নিয়োগ হলেও ওয়ার্ড কাউন্সিলরদের পদ এখনো শূন্য। তাদের দায়িত্বও সরকারি কর্মকর্তাদের দিয়েই চালানো হচ্ছে।
এ দিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রমজানের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে ঢাকার দুই সিটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। অন্য দলগুলোর সম্ভাব্য প্রার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন। অনেক ব্যবসায়ী ও সমাজকর্মী মেয়র পদে নির্বাচনের আগ্রহ দেখাচ্ছেন।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গত সপ্তাহে জানান, মেয়াদোত্তীর্ণ বড় সিটি করপোরেশনগুলোর নির্বাচন দ্রুত শেষ করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন। এর পর পর্যায়ক্রমে অন্য নির্বাচন আয়োজনেও হাত দেবে কমিশন। নিয়োগ পাওয়া ছয়জনই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম।
একইভাবে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম খান। তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে। একইভাবে বর্ষীয়ান রাজনীতিক নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে পরাজিত হয়েছেন। শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক হয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি।