ইসলামী কল্যাণরাষ্ট্র গঠনে মুসলিম লীগের ১০ দফা ইশতেহার ঘোষণা
Printed Edition
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ। গত সোমবার রাজধানীর বিজয়নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে দলের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী এই ইশতেহার পাঠ করেন।
ইশতেহার ঘোষণাকালে জুবেইদা কাদের চৌধুরী বলেন, ১৯০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে মুসলিম লীগ উপমহাদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করছে। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের আন্দোলনের ধারাবাহিকতায় আজ আমরা একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। মুসলিম লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হলে মহান আল্লাহর ওপর ভরসা রেখে একটি ইসলামী কল্যাণমূলক প্রজাতন্ত্র গঠনে এই ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে।
১০ দফা ইশতেহারের মূল বিষয়গুলো: ১. ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করা। ২. আধুনিক ও রাজনীতিমুক্ত শিক্ষাব্যবস্থা প্রবর্তন। ৩. দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ৪. কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ ও গ্রামীণ শিল্পায়ন। ৫. ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা ও প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা। ৬. নতুন বিনিয়োগ ও শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। ৭. বুলেট ট্রেন চালুকরণসহ দরিদ্রবান্ধব পরিবহন ব্যবস্থা ও আধুনিক বন্দর নির্মাণ। ৮. কার্যকরভাবে জাকাত ব্যবস্থার প্রয়োগ, দুর্নীতি দমন ও সংখ্যালঘুদের নিরাপত্তা। ৯. সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক সংস্কার। ১০. পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের টেকসই উন্নয়ন।
অনুষ্ঠানে সভাপতির সাথে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন এবং সভাপতির রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বক্তারা একাত্তরের চেতনা ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানের ফসল হিসেবে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে মুসলিম লীগের প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।