গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার বড়ি খেয়ে দু’জনের মৃত্যু
Printed Edition
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের বড়ি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে দু’জনেরে মৃত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তি কানকু মিয়া ও কমল মিয়া সম্পর্কে একে অপরের বিয়াই। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় মাহবুবুর রহমান জিলানী জানান, নিহতরা দু’জনই গ্যাস্ট্রিকের রোগী ছিলেন। রোববার তাদের গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়। এ সময় আশপাশে ফার্মেসি বা হাসপাতাল না থাকায় বাড়িতে রাখা ইঁদুর মারার বিষের বড়ি গ্যাস্ট্রিকের বড়ি ভেবে তারা খেয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়া শুরু হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে কানকু মিয়ার মৃত্যু হয়। পরে ওই রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়াও মারা যান।